মোরেলগঞ্জে বাগানের গাছ কেটে জমি দখলের অভিযোগ

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে পৈত্রিক সূত্রে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে ভোগ দখলীয় বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা, ঘেরাবেড়া ভাঙ্গচুর ও গাছ কেটে মাটি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের শাহিন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

কুমারখালী গ্রামের দিনমজুর শাহিন হাওলাদার ও তার পরিবারের লোকজন প্রতিপক্ষের দায়ের করা একটি মামলায় বাগেরহাট কোর্টে হাজিরা দিতে গেলে জনশূণ্য বাড়ির বাগানের গাছপালা কেটে দখলে নেওয়ার চেষ্টা করে প্রতিবেশি প্রতিপক্ষ প্রভাবশালী মো. শহিদুল ইসলামের লোক জন।

লিখিত অভিযোগে শাহিন হাওলাদার দাবি করেন, বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ ও মনোমালিন্য চলে আসছে। বিবাদীরা জোরপূর্বক ওই সম্পত্তি দখল করে তাদের পরিবারকে এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে। এরই জের ধরে সুপারী গাছ, কলাগাছ, নারিকেল গাছ-সহ শতাধিক গাছ কেটেছে। এ ঘটনায় রহিম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার বাদি হয়ে মো. শহিদুল ইসলাম-সহ ৭ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে একই গ্রামের কাশেম হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, আমি কারও জমির গাছ কাটিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

এ বিষয়ে থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গাছ কাটার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।