কয়রা (খুলনা) প্রতিনিধি:
আসন্ন কয়রা সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হিসেবে এলাকাবাসীর মাঝে ব্যাপক আলোচনা ও আলোড়ন সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আজিজুল ইসলাম আজু। তিনি দীর্ঘদিন ধরে কয়রা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সমাজসেবক হিসাবে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে নিঃস্বার্থভাবে সেবা করে যাচ্ছেন, যা তাকে ওয়ার্ডবাসীর কাছে এক পরিচিত ও আস্থার প্রতীকে পরিণত করেছে।
স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, আজিজুল ইসলাম আজু যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকার যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা এবং উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত রাখতে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
পল্লী মঙ্গল এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, আজিজুল ইসলাম আজু শুধু দলের কাজেই নয়, এলাকার যেকোনো মানুষের বিপদে-আপদে সবসময় সবার আগে এগিয়ে আসেন। করোনাসহ বিভিন্ন সংকটে তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা এমন একজন সৎ ও তরুণ নেতৃত্বকে আমাদের ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।
এলাকার মুরব্বি ও সাধারণ মানুষের প্রত্যাশা, একজন তরুণ, শিক্ষিত ও কর্মঠ নেতৃত্ব হিসেবে আজিজুল ইসলাম আজু ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
সম্ভাব্য প্রার্থী আজিজুল ইসলাম আজু বলেন, জনগণের সেবা করার মানসিকতা নিয়ে আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি। ৭নং ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। এলাকাবাসী ও তরুণ সমাজের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি ওয়ার্ডবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই।
তার এই প্রার্থীতা ঘোষণার পর থেকেই ৭নং ওয়ার্ডের ভোটারদের মধ্যে এক নতুন উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।





