চিংড়ি ঘের নিয়ে বিরোধের জের মোরেলগঞ্জে গভীর রাতে ছাত্রদল নেতার বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান একটি ঘের দখলকে কেন্দ্র করে দুই পারের মধ্যে সংঘর্ষের দুইদিন পরে ছাত্রদল নেতার বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উত্তর সুতালড়ী গ্রামের রাকিব হাওলাদারের বসতঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। রোববার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রাকিব হাওলাদার বলেন, ১৬ একর জমির একটি মৎস্য ঘেরের দখল নিয়ে এক বছর ধরে দুই পারের মধ্যে বিরোধ, মারপিট, শত্রুতা ও একাধিক মামলা চলে আসছে। গত বৃহস্পতিবার (২৭আগস্ট) রাতে ওই ঘেরটি দখলকে কেন্দ্র করে দুই পারের সংঘর্ষে ২০ জন আহত হন। এ ঘটনার দুইদিন পরেই শনিবার রাতে তার বড় ভাই শামীম হাওলাদার ও তার বসতঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

শামীম হাওলাদারের স্ত্রী শিল্পি আক্তার বলেন, ঘের নিয়ে মামলা হওয়ার কারনে ওই রাতে তাদের বাড়িতে পুরুষ মানুষ ছিলো না। তিনি-সহ দুই শিশু মেয়েকে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙ্গে জেগে দেখি আগুন জ্বলছে। ডাকৎচিকার দিলে কেউ এগিয়ে আসেনি। কিছু ক্ষনের মধ্যে ঘর দুটো পুড়ে ছাই হয়ে যায়।

জোছনা বেগম, সোহাগ হাওলাদার, হুমায়ুন কবির সহ স্থানীয়রা এ ঘটনার সঠিক তদন্ত পূর্বক ন্যায় বিচারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গভীর রাতের ঘটনা। দুইদিন আগে ঘের দখল সংক্রান্ত মারপিটের মামলায় রাকিব হাওলাদার-সহ একাধিককে আসামি করে মামলা দায়ের হয়েছে। রাকিবের ঘরটি শত্রুতার কারনে কেউ পুড়িয়েছে নাকি অন্য কোন কারনে পুড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।