মোরেলগঞ্জ নিরাপত্তা চেয়ে একটি পরিবারের সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধ:

বাগেরহাটের মোরেলগঞ্জে বৃদ্ধ পিতা সরোয়ার তালুকদার (৫৮) এর ওপরে সন্ত্রাসীদের পাশবিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অঝরে কাদলেন রুবি আক্তার। নিরাপত্তাহীনতায় এখন গোটা পরিবার। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মোরেলগঞ্জ প্রেসক্লাবে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।

গত শনিবার(২৯ আগষ্ট) রাত ৯টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামের সরোয়ার তালুকদারের মেয়ে রুবি আক্তার বলেন, মৎস্য ঘের ও পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন গত ২১ আগষ্ট সন্ধ্যায় বৃদ্ধ পিতা সরোয়ার তালুকদার জিউধরা বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার প্রভাবশালী সোহেল হাওলাদার ও বাহাদুর হাওলাদারের নেতৃত্বে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল তার পিতাকে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে হাতুড়ি পেটা করে পাশবিক নির্যাতন চালায়।

বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রুবি আক্তার বাদি হয়ে সোহেল হাওলাদার, বাহাদুর খান-সহ ৭ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামালা দায়ের করেন। উক্ত মামলার আসামিরা প্রকাশ্যে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন। মামলা করে বিপাকে পড়েছেন তারা। বাড়ি ঘরে যেতে পারছেন না। ৫০ বিঘার মৎস্য ঘের দখল করে নিয়েছে। পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই পরিবারের সদস্যরা।

এ বাহিনী ইতোপূর্বে একই গ্রামের কাওসার হাওলাদারের একটি মৎস্য ঘের দখলের পায়তারা করে। প্রতিবাদ করলে ভাই পারভেজ হাওলাদার(৩৩) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায়ও কাওসার হাওলাদার বাদি হয়ে সোহেল হাওলাদার ও বাহাদুর খানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করে ওই পরিবারটিও পড়েছে বিপাকে তারা বাড়িঘরে যেতে পারছে না। এ চক্রটির ভয়ে এলাকায় কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়না। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে পরিবার পরিজন নিয়ে পৈত্রিক ভিটেমাটিতে বসবাস করতে পারেন সে পরিবেশ সৃষ্টি করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এ বিষয়ে থানার দুটি মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই নিহার বৈরাগী ও এসআই শেখ মাহফুজার রহমান বলেন, রুবি আক্তারের দায়েরকৃত মামলাটি সোহেল হাওলাদার ও বাহাদুর খাঁন পলাতক রয়েছে। রিয়াদ ও বাইজিদ খান জেল হাজতে রয়েছেন। কাওসার হাওলাদারের দায়েরকৃত মামলায় ৪ জন আসামি জামিনে রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে কর্মকর্তারা জানান।