মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা চত্বরে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক মানববন্ধন অনুষ্ঠত হয়। মানব বন্ধন শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আঃ হালিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সুষান্ত রায়, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু এবং পৌর মহিলা দলের সভাপতি মাহামুদা খানম মুক্তা। র্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, নারী সংগঠনের সদস্য ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা, নারী-পুরুষের সমতা নিশ্চিত করা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করা এবং একটি শান্তিপূর্ণ ও সমতাভিত্তিক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এখনও অনেক ক্ষেত্রে তারা বৈষম্য, সহিংসতা ও বঞ্চনার শিকার হচ্ছেন। এসব বৈষম্য দূর করতে আইনি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।





