মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সহযাত্রী। শনিবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলার তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সহযাত্রী সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সহযাত্রী’র প্রতিষ্ঠাতা সভাপতি সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মুহাম্মদ আরিফুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মশিউর রহমান কাজী, সদস্য সচিব রেজাউল করিম খান, সাধারন সম্পাদক নাইম হাওলাদার, মাষ্টার সিপাত উল্লাহ রুবেল।
সভাপতির বক্তব্যে এ্যাডভোকেট মুহাম্মদ আরিফুর রহমান খান বলেন, বর্তমান বিশ্বে সম্পদের একটি বড় অংশ অল্পসংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত হওয়ার ফলে সমাজে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে যাকাত, সদাকাহ ও দানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।





