মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৯টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা জাল উপজেলা বিআরডিবি মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন মোরেলগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ও জাহাঙ্গীর শেখ। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আকতারুজ্জামান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার ও কোস্টগার্ডের মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলছে।





