শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি
মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টর অধীন সুন্দরবন সাব সেক্টরের যুদ্ধকালীন সিনিয়র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই। শনিবার (১৮ জুলাই) গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। জীবনসঙ্গী (স্ত্রী) হারানোর ঠিক ১০ দিনের মাথায় তিনিও পৃথিবী থেকে বিদায় নিলেন। এই দম্পতির মৃত্যুর পর পরিবারে আর কোনো উত্তরসূরি রইলনা।
বিএনপির রাজনীতির সাথে জড়িত নিঃসন্তান নজরুল ইসলাম লাল ছিলেন শরণখোল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি শরণখোলা উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্বও পালন করেছেন।
শরণখোলার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের কাছে মো. নজরুল ইসলাম লাল একজন সদালাপী, সমাজ হিতৈষী ও ‘সাদা মনের মানুষ’ হিসেবে সর্বাধিক পরিচিত ছিলেন। তাঁর এই প্রয়াণে স্থানীয় সচেতন সমাজ, রাজনৈতিক সহকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আদর্শবাদী ও নির্লোভ এই মানুষটি জীবদ্দশাতেই সমাজসেবার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। নিজের মৃত্যুর আগেই তিনি তাঁর ব্যক্তিগত জমিজমার একটি বড় অংশ স্থানীয় এতিম খানায় দান করে গেছেন।
মরহুমের শনিবার (১৮ জুলাই) আসর নামাজ বাদ তাঁর নিজ গ্রাম আমড়াগাছিয়া স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।





