মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে ঘূর্ণিঝড় মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগকালীন প্রস্তুতি জোরদারের লক্ষে একটি বাস্তবধর্মী ঘূর্ণিঝড় সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬জুন) বিকেল ৪টায় পাঁচগাও এম এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) বাগেরহাট ইউনিট। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) ও ফায়ার সার্ভিস। সহযোগিতায় ছিল ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, যুব রেড ক্রিসেন্ট এবং স্থানীয় জনগণ।
মহড়ায় নাট্যরূপের মাধ্যমে একটি পরিবারের ঘূর্ণিঝড়র পূর্বাভাস পাওয়ার পর করণীয়, নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়া, উদ্ধার কার্যক্রম এবং আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়গুলো বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়। আয়োজকরা জানান, দুর্যোগের সময় জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জীবন ও সম্পদ এর গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন।
মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সিপিপি খুলনা জোনের উপ-পরিচালক আলমগীর হোসেন, বাগেরহাট ইউনিটের ইউএলও, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ফাইন্যান্স অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মান্নান, বিএনপি পঞ্চকরন ইউনিয়ন সভাপতি মো. জসিম তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চকরন ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী সহ-সভাপতি পঞ্চকরন ইউনিয়ন মো. মিজানুর ইসলাম, সাধারণ সম্পাদক বিএনপি পঞ্চকরন ইউনিয়ন আবুল হাচান কাজী, মো: মশিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদুল আলম।
মহড়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার সাদিদ হোসেন এবং সহকারী প্রোগ্রাম অফিসার ইমদাদ ইলাহী চৌধুরী।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের বাস্তবধর্মী মহড়া দুর্যোগ মোকাবিলায় জনগণের প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





