মোরেলগঞ্জে কেয়ার বাংলাদেশের উদ্যোগে জলবায়ু সহনশীল কৃষি চর্চা শিখন বিনিময় অনুষ্ঠিত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলবায়ু সহনশীল কৃষি চর্চা বিষয়ক এক ব্যতিক্রমধর্মী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় কেয়ার বাংলাদেশ’র নবপল্লব প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ মেলা স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাউলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বিটুল বিশ্বাস, ইউপি সদস্য মো. নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদল আহবায়ক মো. আবু সালেহ খান, উপজেলা প্রেসকাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম ও সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুপুর আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আফিয়া সুলতানা
মেলায় নবপল্লব প্রকল্পের উদ্যোগে ১০টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। যেখানে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা সহনশীল কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, টেকসই চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উপকরণ হাতে-কলমে প্রদর্শন করা হয়। বিশেষজ্ঞদের তত্ত্ববধানে কৃষকদের ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়। যা স্থানীয় শত শত কৃষক-কৃষাণীর জন্য অত্যন্ত উপকারী হয়ে ওঠে। মেলা শেষে ষ্টল প্রদান কারিদের পুরস্কার প্রদান করা হয়েছে।
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষকদের অভিযোজন মতামত বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শত শত মানুষের উপস্থিতিতে মাঠে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে।
স্থানীয় কৃষকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকলে জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে তারা আরও লাভজনক ও টেকসই কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।