শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত থানায় মামলা দায়ের: গ্রেফতার ৩ জন

শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি:

শরণখোলার মডেল বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় রোববার রাতে আরিফুল ইসলাম মাসুম (২৬) নামে এক প্রবাসী নিহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তিন আসামীকে গ্রেফতার করেছে। অপরদিকে, নিহত মাসুম ছাত্রদলের সাবেক নেতা এবং হত্যার ঘটনায় জামাত শিবির জড়িত বলে বিএনপির অভিযোগের প্রতিবাদে উপজেলা জামায়াতে ইসলামী সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেছে।
শরণখোলা থানার মামলা ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম মাসুম রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে শরণখোলা গ্রামের শশুরবাড়ি থেকে খাবার খেয়ে বাড়ি ফিরছিল পথিমধ্যে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাকে গতিরোধ করে মারধর করে।
মারধরে আহত মাসুমকে রাত সাড়ে ১১টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যায় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ^াস জানান। নিহত মাসুম উপজেলার শরণখোলা গ্রামের মৃত: আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থেকে সম্প্রতি বাড়ীতে আসেন।
শরণখোলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন অভিযোগ করে বলেন, নির্বাচনী রাজনৈতিক সহিংসতার কারণে জামাত শিবিরের লোকজন হামলা করে মাসুমকে মেরে ফেলেছে। সংসদ নির্বাচনের পর থেকে ঐ এলাকায় জামায়াতের নেতাকর্মীরা বিএনপি অফিসে আগুন দেওয়া সহ তার দলের নেতাকর্মীদের মারধর করেছে। এ সকল ঘটনায় থানায় মামলা হয়েছে।
অপরদিকে, বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলনে বলেন, মাসুম হত্যায় জামায়াত শিবিরের কেউ জড়িত নয়। পারিবারিক ও গোষ্ঠির দ্বন্ধে প্রতিপক্ষের লোকেরা মাসুমকে মারধর করেছে উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত ও ঘটনায় জড়িতদের শাস্তি দাবী করেছেন।
শরণখোলা থানার অফিসাস ইনচার্জ মো. শামিনুল হক জানান, মাসুম হত্যার ঘটনায় নিহতের ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে সোমবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহার নামীয় তিনজন আসামীকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে। আসামীরা হলেন, খলিল বয়াতী (৩২),শাহজালাল বয়াতী (৩৫) ও তানজের বয়াতী (৬৫)। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।