মোরেলগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মাকসুদ আলী খান, ও উপজেলা শাখার আমির মাওলানা শাহাদাৎ হোসেন। এছাড়াও উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহআলম বাবুল এবং ওসি (তদন্ত) রাজিব আল রশিদ বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তারা পৌরসভায় নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার পরিধি বৃদ্ধির দাবি জানান। জমি সংক্রান্ত বিরোধ ও দখলবাজির বিষয়েও আলোচনা হয়। বক্তারা “জমি যার ঘের তার” নীতি বাস্তবায়ন এবং দখলবাজিমুক্ত মোরেলগঞ্জ ও শরণখোলা গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, মোরেলগঞ্জে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমকে আরো বেগবান করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি নাগরিক সেবা সহজীকরণ ও জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে ইউএনও হাবিবুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। জনগণের সেবা নিশ্চিত করতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। তিনি স্বাস্থ্য, ভূমি ও পৌরসভার সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।